
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে মিলন-সাজিদ গ্রুপের তিন সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন—রকি সরকার ওরফে নাঈম (২৫), আজমান ওরফে লেম্বর (২৫) এবং রায়হান (২৩)।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো.হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ২৩ আগস্ট ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে ডিবি ক-জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শান্তিধারা এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬টি রামদা, ৩টি তলোয়ার,২টি ছুরি,১টি সুইচ গিয়ার,সাইকেলের স্পোক দিয়ে তৈরি ২টি কুড়াল এবং ২টি এসএস পাইপ।
ডিবি সূত্রে জানা যায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসী মানিক গ্রুপের সঙ্গে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ছাড়া তারা মিলন-সাজিদ ও শান্ত দের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডাকাতির প্রস্তুতি গ্রহণের কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় রুজু করা হয়েছে। মামলার নম্বর ৭৭,তারিখ ২৪ আগস্ট ২০২৬।
পুলিশ জানিয়েছে,গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
All rights reserved © 2019
Leave a Reply