
নিজস্ব প্রতিবেদক:
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর পাশাপাশি পুনরায় দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এ সময় দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে।
সাক্ষাতে নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতা করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের রাষ্ট্রদূত।
তিনি বাংলাদেশ ও নেপালের বিদ্যমান সুদৃঢ় রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন,রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব
বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে পুনরায় দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দেন নেপালের রাষ্ট্রদূত। তিনি জানান,সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি।
অনুপ্রেরণা তৈরি করতে বাংলাদেশে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানান তিনি। একই সঙ্গে নেপাল ক্রিকেট দল বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত এবং বাংলাদেশ দলকেও নেপালে স্বাগত জানানোর কথা বলেন রাষ্ট্রদূত।
নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া বাংলাদেশের
নেপালের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ক্রীড়া কূটনীতির গুরুত্ব তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশ ক্রীড়া কূটনীতিতে গুরুত্ব দেয় এবং বিভিন্ন খেলায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।
টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নেপালের পক্ষ থেকে চিঠি দেওয়ার অনুরোধ জানান তিনি। চিঠি পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে নেপালের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।
বিশেষ করে পর্বতারোহণসহ সংশ্লিষ্ট ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশি অ্যাথলেটদের প্রশিক্ষণ ও সহযোগিতার সুযোগ দিতে নেপালের প্রতি আহ্বান জানান আমিনুল হক।
বৈঠকে বাংলাদেশ-নেপাল ক্রিকেট সিরিজ, ক্রীড়া প্রশিক্ষণ, সাংস্কৃতিক বিনিময় এবং ক্রীড়া কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়।
All rights reserved © 2019
Leave a Reply