
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৯/২৪-আর এলাকায় টহলরত সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, বিএসএফের পক্ষ থেকে ৭ জন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনে অবস্থান নেন এবং ওই ব্যক্তিদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন।
বিজিবির কঠোর অবস্থানের মুখে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে সীমান্তের উন্মুক্ত অংশ দিয়ে ওই ৭ জনকে ভারতীয় ভূখণ্ডের দিকে ফিরে যেতে বাধ্য করা হয়।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
ঘটনার পর সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply