
নরসিংদী প্রতিনিধি:
লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই হাসপাতাল পরিচালনার অভিযোগে নরসিংদীর মাধবদীতে দুইটি বেসরকারি হাসপাতালকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২১ জুলাই নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে আজগর আলী হাসপাতালকে ৫০ হাজার এবং দেওয়ান হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাসপাতাল দুটিতে লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হওয়া,
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং অন্যান্য প্রশাসনিক অনিয়ম ধরা পড়ে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে দুই মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও সব অনিয়ম দূর করার নির্দেশ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার খোকন এবং মাধবদী থানা পুলিশের সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
All rights reserved © 2019
Leave a Reply