
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রায় ৭০০ জন নারী,পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি পৃথক ভেটেরিনারি ক্যাম্পে ২০০টি গবাদি পশুর চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসা কার্যক্রমে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ,চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ,৫৩ ও ৫৯ বিজিবির দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি, উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়,সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply