
মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের দুটি প্রধান সরকারি হাসপাতাল—খানপুর ৩০০ শয্যা সরকারি হাসপাতাল এবং ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন,পরিচ্ছন্নতা, অবকাঠামোর আধুনিকায়ন ও দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে যৌথ ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে হাসপাতাল দুটির কনফারেন্স রুমে পৃথকভাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,জেলা সিভিল সার্জন ডা.মশিউর রহমান,জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান মুন্সী,মহানগর বিএনপির সদস্য সচিব সহ দুই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
সভায় হাসপাতাল দুটির জরুরি বিভাগের কার্যক্রম,ওষুধ সরবরাহ,চিকিৎসক ও জনবল সংকট,রোগীসেবার মান, পরিচ্ছন্নতা,নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জের লাখো মানুষের চিকিৎসার ভরসাস্থল এই দুটি সরকারি হাসপাতাল। রোগীরা যেন দ্রুত,নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পান,সেটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করতে হবে,জরুরি বিভাগে ওষুধের কোনো ঘাটতি রাখা যাবে না এবং হাসপাতালের অবকাঠামো আধুনিকায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক অংশীদারিত্বও কাজে লাগানো হবে।
জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,একটি হাসপাতালের প্রকৃত সৌন্দর্য তার সেবা ও পরিচ্ছন্ন পরিবেশে। রোগীদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ,মানসম্মত খাবার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং টয়লেট ও ওয়ার্ডের নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দালালমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা,পানি ও বিদ্যুৎসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট নিরসন, বহির্বিভাগে রোগীর অতিরিক্ত চাপ কমানো,টিকিট ফি প্রদানের প্রক্রিয়া সহজীকরণ,হাসপাতাল চত্বর দালালমুক্ত রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সভাপতি ও অতিথিরা ৩০০ শয্যা সরকারি হাসপাতাল এবং ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তারা ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে আরও আধুনিক,স্বচ্ছ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
All rights reserved © 2019
Leave a Reply