
নিজস্ব প্রতিনিধি:
ফতুল্লার দেওভোগ এলাকায় পুলিশের অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রাশেদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।
অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার এবং এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে মো. রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দেওভোগ এলাকার মৃত কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায়,অভিযানের সময় রাশেদের দখল থেকে বিভিন্ন আকৃতির ১৬টি দেশীয় অস্ত্র,যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে,উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অস্ত্রগুলো জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রাশেদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক ছিনতাই মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে,সন্ত্রাস,ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply