
প্রতিবেদক: ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটোরিকশা চালক মো. মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন (৪২)কে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মেঘনা থানা পুলিশের সহযোগিতায় তাকে একটি প্রতিষ্ঠানের ভেতর থেকে আটক করা হয়।
পুলিশ জানায়,নিহত মো.মোমিন দীর্ঘদিন ধরে দড়িকান্দি-বাংলাবাজার সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অপরদিকে আসামি শাহিন দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কাজ করতেন। অটোরিকশার সিরিয়াল নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ১৭ মে ২০২৬ দুপুরে দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল নিয়ে বিরোধের একপর্যায়ে শাহিন মোমিনকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে প্রথমে মদনপুরের একটি হাসপাতালে এবং পরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২০ মে সকালে তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়,ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যান। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এবং সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply