
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জকে আধুনিক,পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটিতে রূপান্তরের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মতবিনিময় করেছে আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি (সিএইচসিসি)।
রোববার (২১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সভায় নারায়ণগঞ্জের উন্নয়নে দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন নাসিক প্রশাসক। তিনি নগরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা,উন্নত চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.নূর কুতুবুল আলম,ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো.আজগর হোসেন,নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,এমআরকে এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম রাতুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উভয়পক্ষ নারায়ণগঞ্জের টেকসই উন্নয়ন,অবকাঠামো আধুনিকায়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চায়না হারবারের প্রতিনিধিরা নারায়ণগঞ্জের উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে এসব প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
All rights reserved © 2019
Leave a Reply