
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা, ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে ২০ জুন (শনিবার) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সকালে কদমতলী এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে রুবেল মিয়া (৩২) ও কাউসার হোসেন (৩০) নামের দুই মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তীতে একই এলাকায় পৃথক অভিযানে আক্তার ওরফে কানা আক্তার (৪৫) এবং বিকেলে মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অজিদ মিয়া(৩৮)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বলছে,মাদক,সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2019
Leave a Reply