
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই বছরের শিশু অপহরণের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মুক্তিপণ দাবিকারী দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী মিম আক্তারের একমাত্র সন্তান তাকরিম (২) গত ১২ জুন অপহরণের শিকার হয়। প্রতিবেশী পরিচয়ে সুজন মিয়া ও মাজেদা নামের এক দম্পতি শিশুটিকে কোলে নিয়ে আদর করার কথা বলে বাসা থেকে নিয়ে যায়।
শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দুই দিন পর একটি ইমু আইডি থেকে শিশুর মায়ের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পাশাপাশি টাকা না দিলে শিশুকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পর ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের সহায়তায় চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু তাকরিমকে উদ্ধার করা হয়।
পুলিশের অভিযানে গ্রেফতার হয় অপহরণ মামলার প্রধান দুই আসামি সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। উদ্ধারকৃত শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছে।
ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
All rights reserved © 2019
Leave a Reply