
ঢাকা প্রতিনিধি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি.ক্রিস্টেনসেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেন,স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে এবং বর্তমানে তা বহুমাত্রিক সহযোগিতার পর্যায়ে পৌঁছেছে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাডের মানবিক ও সাহসী ভূমিকার কথা স্মরণ করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্পীকার বলেন,গণতন্ত্র,মানবাধিকার ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি উল্লেখ করেন,দেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে,যা গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতিফলন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, রপ্তানি সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে শিক্ষা,সংস্কৃতি ও বিভিন্ন বিনিময় কর্মসূচি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
আলোচনায় পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারিত্বের বিষয়ও গুরুত্ব পায়। স্পীকার বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এই সংকটের টেকসই সমাধান এবং রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছাপ্রণোদিত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি.ক্রিস্টেনসেন স্পীকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2019
Leave a Reply