
নিজস্ব প্রতিনিধি: মোঃ মাহবুব।
১৮ মাসের আন্দোলনের পরও সংলাপ না হওয়ায়,ক্ষোভ,সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।
২০১০-২০১২ সালের ৫ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচির ব্যানারে ছিল ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,দীর্ঘ ১৮ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেলেও গ্রামীণফোন কর্তৃপক্ষ এখনো আন্দোলনরত সাবেক কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের সংলাপে বসেনি।
বক্তারা জানান,২০১০ সালে সরকার মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে‘ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং’ঘোষণা করলে শ্রমিক-কর্মচারীরা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) ও ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ডের আওতায় ৫ শতাংশ তহবিল পাওয়ার অধিকার অর্জন করেন। তবে গ্রামীণফোন ওই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করায় ২০১০, ২০১১ ও ২০১২ সালের প্রাপ্য অর্থ দীর্ঘদিন আটকে থাকে।
তাদের দাবি,২০২৩ সালের ৬ মার্চ গ্রামীণফোন রিট মামলা প্রত্যাহার করে নেওয়ার ফলে শ্রমিকদের এ অধিকার চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও ২০১৫ সালে মূল পাওনা পরিশোধ করা হয়,তবে ১৬ বছর ধরে অর্থ আটকে রাখার কারণে সৃষ্ট বিলম্ব বকেয়া এখনো পরিশোধ করা হয়নি।
আন্দোলনকারীদের হিসাব অনুযায়ী,শ্রম আইন অনুসারে বিলম্ব বকেয়ার পরিমাণ বর্তমানে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বক্তারা বলেন,প্রায় ৩ হাজার ৩৬০ জন সাবেক কর্মী ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। তাদের অনেকেই শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় নির্বাহে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
মানববন্ধন থেকে অবিলম্বে সংলাপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান এবং বিলম্ব বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। একইসঙ্গে দ্রুত সমাধান না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
All rights reserved © 2019
Leave a Reply