
বিশেষ প্রতিনিধি:রংপুর।
রংপুর এক্সপ্রেস বাসে ঢাকায় পালানোর সময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করল র্যাব।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত উজ্জল মিয়া হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। শুক্রবার রংপুর মহানগরীর তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানিয়েছে,গ্রেপ্তারকৃত আসামিরা ঢাকায় আত্মগোপনের উদ্দেশ্যে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বাসে যাত্রা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফজলুল হক (৪২),ছকিনা বেগম (৩৮)ও লাইলী বেগম(৫০)। তারা সবাই আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়,জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে গত ২ জুন উজ্জল মিয়ার ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুন তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা রহিমা বেওয়া বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply