
মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানে চা খেতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো.সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো.সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি পেশায় তেলের গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার সময় সজীব গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকার জাহিদের চায়ের দোকানে চা খেতে যান। এ সময় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে সজীবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করার চেষ্টা করছে পুলিশ।
All rights reserved © 2019
Leave a Reply