
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা মেয়ের বিয়ের কেনাকাটার জন্য আনা ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা রাস্তার ওপর টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন। পরে তারা টাকাগুলো উদ্ধার করে নিরাপদে রাখেন।
এর কিছুক্ষণ পর প্রায় ৬৫ বছর বয়সী মো. তাজুল ইসলাম কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় টাকা খুঁজতে থাকেন। বিষয়টি জানতে চাইলে তিনি পুলিশকে জানান, নবীনগর থানার রসূলপুর এলাকা থেকে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে এসেছেন। কাউতলী মোড়ে সিএনজি ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা ৫০ হাজার টাকা অসাবধানতাবশত রাস্তায় পড়ে যায়।
পুলিশ সদস্যরা তাজুল ইসলামের কাছে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমানসহ বিভিন্ন তথ্য জানতে চান। তার দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার পূর্ণ মিল পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে ৫০০ টাকা মূল্যমানের ১০০টি নোট, অর্থাৎ মোট ৫০ হাজার টাকা তাজুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ তাজুল ইসলাম। তিনি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
All rights reserved © 2019
Leave a Reply