
খাগড়াছড়ি প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে বীর শহীদ ও সাহসী যোদ্ধাদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
বুধবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে প্রথমে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। পরে জেলা প্রশাসন,জেলা পুলিশ,বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধারাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনা ধারণ করে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
All rights reserved © 2019
Leave a Reply