
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনাইটেড ফিলিং স্টেশনে ফেলে যাওয়া একটি রহস্যজনক কালো ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় অবস্থিত ইউনাইটেড ফিলিং স্টেশনে ফেলে যাওয়া একটি রহস্যজনক কালো ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তালাবদ্ধ অবস্থায় একটি কালো ব্যাগ দেখতে পেয়ে সোনারগাঁও থানায় খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান।
পরে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অজ্ঞাত এক নারী ও এক পুরুষ সিএনজিচালিত অটোরিকশায় এসে ফিলিং স্টেশনের পাশে ব্যাগটি রেখে কিছুক্ষণ পর চলে যান।
ঘটনার গুরুত্ব বিবেচনায় বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে জানানো হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তার স্বার্থে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়।
রাত ১২টা ৪৫ মিনিটে পুলিশ পরিদর্শক মো. মোদাছসিরের নেতৃত্বে ১০ সদস্যের বিশেষায়িত দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে নিশ্চিত হয়,এতে কোনো বিস্ফোরক নেই।
ব্যাগের ভেতরে দুটি জাতীয় পরিচয়পত্র, একটি ই-ড্রাইভিং লাইসেন্স,ব্যক্তিগত কাপড়,একটি ভ্যানিটি ব্যাগ এবং সমিতির টাকা জমার বহি পাওয়া যায়। এসব আলামত জব্দ করা হয়েছে। ব্যাগটি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে।
All rights reserved © 2019
Leave a Reply