
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় মসজিদ দখলচেষ্টা,চাঁদাবাজি,হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক লায়ন এম.আনোয়ার হোসেন রুমি।
তিনি দৈনিক বার্তা পত্রিকার জয়েন্ট এডিটর,দৈনিক বাংলার গৌরব পত্রিকার প্রধান সম্পাদক,জাতীয় সাংবাদিক ক্লাবের মহাসচিব এবং মসজিদে রাসুল(সা.)জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে তিনি জানান,৫ আগস্ট পরবর্তী সময়ে সাইনবোর্ড এলাকায় কোনো মসজিদ না থাকায় স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে এলাকাবাসীর উদ্যোগে জান্নাতুল ইব্রাহিমী মাদ্রাসার মুফতি আনিসুর রহমান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এক প্রবাসী শুভানুধ্যায়ীর আর্থিক সহযোগিতায় মসজিদে রাসুল(সা.)জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়।
তিনি অভিযোগ করেন,১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর স্থানীয় একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি মসজিদটি দখলের চেষ্টা শুরু করে। তারা মসজিদের খাদেমকে মারধর করে,মসজিদের অর্থ,মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় এবং পরবর্তীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে মসজিদে দোকান পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় তিনি প্রথমে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুনরায় প্রাণনাশের হুমকি ও হামলার ঘটনায় মামলা দায়ের করেন,যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
তিনি আরও অভিযোগ করেন,গতকাল একটি রাজনৈতিক সভা শেষে মাগরিবের নামাজ আদায় করে জান্নাতুল ইব্রাহিমী মাদ্রাসা থেকে বের হওয়ার সময় একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে আহমেদ আল ইরফান,গোলাম আজম,সাইফুল ইসলাম,ইমদাদ হোসেন, আশরাফুল জান্নাত,আশরাফ পাঠানসহ আরও কয়েকজন ছিলেন বলে তিনি দাবি করেন। তিনি বলেন,উপস্থিত ব্যক্তিদের তিনি দেখলে শনাক্ত করতে পারবেন।
তার অভিযোগ,হামলার সময় তাকে স্থানীয় সংসদ সদস্যের সভাস্থলের সামনে নিয়ে যাওয়া হলেও হামলা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাকে রক্ষা করতে এগিয়ে আসা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীকেও হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
সাংবাদিক লায়ন এম.আনোয়ার হোসেন রুমি বলেন,আমি একজন সাংবাদিক ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছি। একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি,দখলচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জুলেখা,ইমাম হো.বাপ্পি,মো.আখীনুর চৌধুরী—যিনি দৈনিক বাংলার গৌরব পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক,জাতীয় সাংবাদিক ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং মসজিদে রাসুল(সা.)জামে মসজিদের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও মসজিদ পরিচালনা কমিটির সদস্য,স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এসব অভিযোগ অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
All rights reserved © 2019
Leave a Reply