
খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল ও ট্রাউজার বিতরণ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত,সে জাতি তত উন্নত।শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে পরিবার,সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। বিশেষ করে মেয়েদের যত্ন নিয়ে শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু লেখাপড়া করে শিক্ষিত হলেই হবে না,আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৯ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৭২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। এছাড়া নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল ও ট্রাউজার বিতরণ করা হয়।
All rights reserved © 2019
Leave a Reply