1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

কিশোরগঞ্জে ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি।কিশোরগঞ্জ।
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সাফ-কবলা দলিলমূলে কেনা ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ পুলিশের এক সদস্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটানো, ভয়ভীতি প্রদর্শন এবং জমির দলিল ফেরত নিতে চাপ দেওয়ার অভিযোগ করেছেন করিমগঞ্জের কৃষক মো. মাসুদুর রহমান। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকার সুফিয়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মাসুদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি জানান, ইটনা উপজেলার বেতেগা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন ঘোষ ও অপর এক নারীর কাছ থেকে তাঁর দাদা ও বাবা দুই-তিনটি দাগে মোট ৩১০ শতাংশ জমি কেনেন। জমি কেনার পর প্রয়োজনীয় খাজনা পরিশোধ ও নামজারি সম্পন্ন করে তাঁরা জমিটি ভোগদখল করে আসছিলেন বলে দাবি করেন তিনি।
মাসুদুর রহমানের অভিযোগ,পরবর্তী সময়ে নিহার রঞ্জন ঘোষ ও তাঁর ছেলে বিপুল রঞ্জন ঘোষ জমিটি পুনরায় দখলে রাখেন। বিপুল রঞ্জন ঘোষ বাংলাদেশ পুলিশে কর্মরত উল্লেখ করে তিনি দাবি করেন, পুলিশের পরিচয় ও প্রভাব ব্যবহার করে তাঁকে জমি ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি জমির দলিল ফেরত নেওয়ার জন্যও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান আরও অভিযোগ করেন, ইটনার এরশাদ নগরের মো. জাকির হোসেন ও তাঁর লোকজন তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছেন। চলতি বছর জমিতে গেলে হত্যা করা এবং মারধর করে গুরুতর আহত করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ পরিস্থিতিতে আসন্ন কৃষি মৌসুমে জমিতে যেতে পারবেন কি না,তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাসুদুর রহমান। তিনি বলেন,জমি নিয়ে বিরোধের কারণে তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
মাসুদুর রহমান আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তবে মুক্তিযোদ্ধার সন্তান কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত হওয়ার পরিচয় ব্যবহার করে কেউ যেন সাধারণ নাগরিকের অধিকার ক্ষুণ্ন করতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সংবাদ সম্মেলন থেকে জমির মালিকানা ও দখলসংক্রান্ত অভিযোগ তদন্ত, বিরোধের আইনানুগ নিষ্পত্তি, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ সদস্য বিপুল রঞ্জন ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাসুদুর রহমানের বাবা রুক্কু মিয়া ও তাঁর ছোট ভাই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost