
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসা। হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও সংবর্ধিত ১৮ জন হাফেজকে কক্সবাজার ভ্রমণে নেওয়ার ঘোষণা দিয়েছেন মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম। পাশাপাশি ভবিষ্যতে এক বছরের মধ্যে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের চট্টগ্রাম থেকে বিমানে কক্সবাজার ভ্রমণে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সোমবার সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত হিফজ সমাপ্তি, নতুন শিক্ষার্থীদের সবক প্রদান এবং হিফজ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ব্যতিক্রমী এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম। হিফজ বিভাগের প্রধান রিফাত হোসেন রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মকছুদ আহম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মকছুদ আহম্মদ বলেন, পবিত্র কোরআন হিফজ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ অর্জন। এ সম্মান ধরে রাখতে নিয়মিত তিলাওয়াত ও চর্চার পাশাপাশি কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার পাশাপাশি যোগ্য, আদর্শবান ও দ্বীনদার মানুষ হিসেবে তৈরি করাই তাঁদের লক্ষ্য। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হচ্ছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও কোরআন হিফজে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে পড়াশোনাকে সহজ, আনন্দদায়ক ও ব্যতিক্রমী করে তোলার চেষ্টা চলছে। মারকাজুত তাহফিজ মাদ্রাসাকে আগামী দিনে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাসুকুল আলম সোহান, মাদ্রাসার উপদেষ্টা আব্দুল হাই, পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুবুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা এনায়েত উল্ল্যাহ এবং অভিভাবক মাওলানা গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে ইফরাজ, আবিদ, এহছানুল করিম, মাহমুদ বিন গিয়াস উদ্দিন, হাবিবুল্লাহ বিন দেলোয়ার, ছালেম, ইউনুছ ও সাদ বিন শামীমকে হিফজের সবক দেওয়া হয়। এ ছাড়া রাহি ও রাইফুল হিফজ সম্পন্ন করেন।
একই অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ১৮ জন হাফেজকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মকছুদ আহম্মদ।
All rights reserved © 2019
Leave a Reply