
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ ও সংগঠনটির কর্ণধার রিমন হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী সেলিম রানা এবং ‘দৈনিক বাংলার সংবাদ’ অনলাইন পোর্টালের সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি।
সংগঠনের অভিযোগ, গত ২৩ অক্টোবর ‘দৈনিক বাংলার সংবাদ’ নামের একটি অনলাইন পোর্টালে রিমন হোসেনের বিরুদ্ধে ২ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগসংবলিত একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে প্রকাশিত অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে দাবি সংগঠনটির।
রিমন হোসেনের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবে গিয়ে তিনি নিজেই প্রতারণার শিকার হন। সেই অভিজ্ঞতা থেকে অন্য প্রবাসীদের প্রতারণার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ গঠন করেন। ২০২৬ সালে সেলিম রানার সঙ্গে পরিচয়ের পর মানবিক কার্যক্রম পরিচালনায় তাঁরা একসঙ্গে কাজ করতে সম্মত হন বলে জানান তিনি।
রিমন হোসেন অভিযোগ করেন,পরবর্তী সময়ে সেলিম রানা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিচয় দেওয়া,একক সিদ্ধান্তে আইডি কার্ড বিতরণ, এআই ব্যবহার করে ভুয়া টকশো তৈরি এবং সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করেন। এসব বিষয়ে প্রতিবাদ জানানোর পর তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ছড়ানো হয় বলে দাবি করেন রিমন।
সংগঠনটির আরও অভিযোগ, সেলিম রানার দেওয়া তথ্য ও পোস্টারের ভিত্তিতে ‘দৈনিক বাংলার সংবাদ’-এর সহ-সম্পাদক আবুল হাসেম যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করেন। তথ্য যাচাই করা হয়েছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে আবুল হাসেম সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে সেলিম রানার দেওয়া একটি পোস্টারের ছবি পাঠান বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, সেলিম রানা দাবি করেছেন, দুটি সংগঠনই তাঁর এবং একটি সংগঠন থেকে রিমন হোসেনকে বহিষ্কার করা হয়েছে। তবে রিমন হোসেনের পক্ষ থেকে এ দাবির বিরোধিতা করা হয়েছে। সংগঠনটির দাবি, সেলিম রানার বক্তব্য তাদের মূল নথিপত্রের সঙ্গে সাংঘর্ষিক।
এ ছাড়া একই নামে একাধিক অনলাইন পোর্টাল পরিচালিত হওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। তবে সংশ্লিষ্ট পোর্টালগুলোর নিবন্ধন-সংক্রান্ত তথ্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
এ পরিস্থিতিতে প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ।
All rights reserved © 2019
Leave a Reply