
পাবনা প্রতিনিধি,
মা-ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন রক্ষায় পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় প্রায় ৩ কেজি মা-ইলিশ উদ্ধার করা হয়।
রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত যমুনা নদীর নগরবাড়ী ঘাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোকাররম হোসেনের নেতৃত্বে এবং নগরবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দলের সহযোগিতায় অভিযানটি সম্পন্ন হয়।
অভিযান সূত্রে জানা যায়, নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযানের সময় ইলিশ শিকড়ের অভিযোগে একজন নাবালককে আটক করা হয়। তবে তার বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাকে হস্তান্তর করা হয়েছে।
পরে নগরবাড়ী ঘাটে উপস্থিত লোকজনের সামনে জব্দ করা সব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা প্রায় ৩ কেজি মা-ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, মা-ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে যমুনা নদীতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
নিউজ সূত্র:বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
পাবনা প্রতিনিধি।
All rights reserved © 2019
Leave a Reply