
ঢাকা,১২ জুন, ঢাকা প্রতিনিধি:
প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরে কর্মসংস্থান সৃষ্টি,কৃষি উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটির নেতারা বলেছেন,দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মোকাবিলায় বাজেটটি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক বাজেট প্রতিক্রিয়া সভায় বক্তারা বলেন,মূল্যস্ফীতি,বেকারত্ব, শিল্পখাতের স্থবিরতা এবং ব্যাংকিং খাতের সংকটের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটে দৃশ্যমান ও বাস্তবসম্মত পরিকল্পনার অভাব রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন এবং সঞ্চালনা করেন মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।
বক্তারা বলেন,দেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষি ও উৎপাদন খাত হলেও এবারের বাজেটে এসব খাতে প্রত্যাশিত গুরুত্ব দেওয়া হয়নি। কৃষকদের জন্য প্রণোদনা বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যয় কমানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন ছিল বলে তারা মন্তব্য করেন।
মহাসচিব অ্যাডভোকেট মো.ইয়ারুল ইসলাম বলেন,বাজেটের আকার বড় হলেও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় রূপরেখা এতে স্পষ্ট নয়। জনগণের প্রত্যাশার সঙ্গে বাজেটের অনেক ক্ষেত্রেই অসামঞ্জস্য রয়েছে।
সভায় নেতারা আরও বলেন,কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে শ্রমবাজারে যে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে,তা মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে বাজেটে কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেখা যায়নি।
তারা অভিযোগ করেন,বাজেটে ঋণনির্ভর অর্থনৈতিক ব্যবস্থার প্রবণতা অব্যাহত রাখা হয়েছে,যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তির বিষয়েও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন বলেন,দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে উৎপাদন বৃদ্ধি,শিল্পায়ন,কৃষি উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে এসব খাতের জন্য প্রয়োজনীয় কার্যকর উদ্যোগের প্রতিফলন দেখা যাচ্ছে না।
সভা থেকে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের দাবি জানায় বাংলাদেশ কংগ্রেস।
All rights reserved © 2019
Leave a Reply