
স্টাফ রিপোর্টার | ঢাকা।
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এই নারী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়,মঙ্গলবার (২ জুন) সকালে একটি মামলার শুনানিতে অংশ নিতে সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে অবস্থান করছিলেন নার্গিস জুঁই। অভিযোগ অনুযায়ী,সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেন। এ বিষয়ে প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে আক্রমণ চালান।
ভুক্তভোগীর দাবি,হামলাকারী তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। মুখমণ্ডল ও নাকে আঘাত পেয়ে রক্তাক্ত হন তিনি। এমনকি একটি দাঁত নড়ে যাওয়ার মতো গুরুতর আঘাতও পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নার্গিস জুঁই জানান,ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি আরও উত্তেজিত হয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
হামলার পর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পত্তি বিরোধের জের ধরে হামলার আশঙ্কা
নার্গিস জুঁই দাবি করেন,তার স্বামীর বড় ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান সম্পত্তি বিরোধের কারণেই এ হামলার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন,বাবার কিনে দেওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর বিভিন্ন ধরনের চাপ,হুমকি,হামলা ও হয়রানি চালানো হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী,২০২০ সালের ৫ জুলাই একদল সন্ত্রাসী তাদের বাসা তালাবদ্ধ করে গানপাউডার ছিটিয়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেছিল। সে সময় স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ এসে তাদের উদ্ধার করে। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, তার স্বামীর ভাইরা ইতোমধ্যে একটি ফ্ল্যাট দখল করেছে এবং বাকি সম্পত্তিও দখলের চেষ্টা করছে। সম্প্রতি গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে সন্ত্রাসী ও দখলদারদের সহায়তায় তাদের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট দখল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
নার্গিস জুঁই অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা,বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। একইসঙ্গে জাল কাগজপত্র তৈরি করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন,আমাদের ওপর নিয়মিত ভয়ভীতি প্রদর্শন, হামলা, দখল,মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বাসার দারোয়ান ও ভাড়াটিয়াদের ব্যবহার করেও হামলার চেষ্টা করা হয়েছে। আত্মীয়-স্বজন বাড়িতে আসলেও তাদের ভয়ভীতি দেখানো হয় এবং মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।
তার দাবি, বিষয়টি সাংবাদিক নেতা,পঞ্চায়েত ও পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমঝোতা হয়নি। বরং পরিস্থিতি দিন দিন আরও জটিল ও সহিংস হয়ে উঠছে।
ঘটনার পর নার্গিস জুঁই ও তার পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশঙ্কা করছেন, যে কোনো সময় আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
তিনি প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক সমাজের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন,আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের হয়রানি ও নির্যাতন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে,অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি এবং তার বক্তব্যও পাওয়া যায়নি। কোতোয়ালী থানা জানিয়েছে,অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2019
Leave a Reply