
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ব্যতিক্রমী এক বিয়ের ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথম স্ত্রী সংসার ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর নতুন করে জীবন শুরু করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছেন কামাল হোসেন নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় ১০ বছর আগে কামাল হোসেনের সঙ্গে সাথী আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে গত আগস্ট মাসে দুই সন্তানকে রেখে সাথী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান। পরে কামাল জানতে পারেন, তাকে তালাক দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভেঙে না পড়ে নতুন করে সংসার গড়ার সিদ্ধান্ত নেন কামাল। তার পারিবারিক পরিস্থিতি জেনেশুনেই নতুন কনের পরিবার বিয়েতে সম্মতি দেয়। শুক্রবার ছোট মেয়েকে কোলে নিয়ে হেলিকপ্টারে করে শ্বশুরবাড়িতে যান তিনি। পরে সেখানে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কামাল হোসেন জানান,কাজের প্রয়োজনে তাকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হতো। সাবেক স্ত্রী চলে যাওয়ার পর তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন,তবে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।
তিনি আরও বলেন,নতুন স্ত্রীকে সম্মান জানাতে এবং বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার ভাড়া করেছিলেন। হেলিকপ্টারে বরের আগমন দেখতে আশপাশের এলাকার অসংখ্য মানুষ ভিড় করেন।
ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে নতুন জীবনের পথে কামালের সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।
All rights reserved © 2019
Leave a Reply