
ঢাকা,১৬ ফেব্রুয়ারি ২০২৬:
জাতীয় স্বার্থ,গণতন্ত্রের বিকাশ এবং জনগণের কল্যাণে সরকার উদ্যোগ নিলে পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন বার্তা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সরকার ও বিরোধী দলের সমন্বিত ভূমিকা জরুরি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করা। তিনি উল্লেখ করেন,দীর্ঘদিন পর ভোটাররা তাদের অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন এবং এই আস্থার মর্যাদা রক্ষায় নির্বাচিতদের সক্রিয় থাকতে হবে।
তিনি আরও বলেন,নতুন সংসদের যাত্রা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনমুখী আইন প্রণয়নের মাধ্যমে সংসদকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলের পারস্পরিক সম্মান ও সংলাপের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন,জনগণের সমস্যা,উন্নয়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তাদের সংসদীয় রাজনীতির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
Leave a Reply