
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছর বয়সী এক শিশুর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগে মোশাহিদুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত শিক্ষককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শিশুটির সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর বিষয়টি তদন্তে নেয় পুলিশ। পরে রোববার রাতে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply