
জামাল উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি:
মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে ৬৫ জনকে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল বলে নৌবাহিনীর প্রাথমিক তথ্য।
সেন্ট মার্টিনের অদূরে সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানিতে ডুবতে থাকা একটি কাঠের বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অপর ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে নৌবাহিনী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ।
নৌবাহিনী জানায়, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ একটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। পরে বিষয়টি নৌবাহিনীকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালানো হয়।
অভিযানকালে বোটটিতে থাকা ৭৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় বোটটির ভেতরে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উদ্ধারের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোটে থাকা ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। তাদের আটক করা হয়েছে। অন্য ৬৫ জন মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশকে মানব পাচারকারীরা টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে তাদের একটি বোটে তোলা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ১১ জন এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, মানব পাচার ও চোরাচালানসহ সমুদ্রে সংঘটিত সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply