
মাসুদুর রহমান মিলন : বিশেষ প্রতিনিধি।
দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপতৎপরতা চালানো হলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন,একটি গোষ্ঠী বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণ অতীতে তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথে আন্দোলন করেছেন। জনগণের দাবি ও অধিকার নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জনগণই তার জবাব দেবে।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে টুকু বলেন, ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন দেশনায়ক তারেক রহমান। জনগণের দল বিএনপিকে ষড়যন্ত্রের মাধ্যমে দুর্বল করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অপশক্তি যাতে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা এবং জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন,সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি,সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক,জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব,যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা,জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2019
Leave a Reply