
এম হোসাইন আহমদ,বিশেষ প্রতিবেদক।
দীর্ঘদিনের বকেয়া বীমা দাবি পরিশোধে গতি এনেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সেপ্টেম্বর মাসে দুই ধাপে সাত হাজারের বেশি নয়,মোট ৮ হাজার ৪১৭ জন গ্রাহকের ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নাভিনের উদ্যোগে বকেয়া ও দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ দাবি নিষ্পত্তিতে এ কার্যক্রম নেওয়া হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর প্রথম ধাপে সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়।
এরপর ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে আরও ৫ হাজার ৮৬৮ জন গ্রাহকের ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধ করা হয়। এ ধাপে পদ্মা ইসলামী লাইফ, হোমল্যান্ড লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, সানফ্লাওয়ার লাইফ ও সানলাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা অর্থ পান।
আইডিআরএর ২০২৬ সালের প্রথম প্রান্তিকের তথ্য অনুযায়ী, জীবন বীমা খাতে মোট দাবির পরিমাণ ছিল প্রায় ৬ হাজার ৮১২ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৪ হাজার ৪১০ কোটি ১২ লাখ টাকা তখনও অপরিশোধিত ছিল।
আইডিআরএ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বৈধ ও বকেয়া বীমা দাবিগুলো ধাপে ধাপে পরিশোধের কার্যক্রম অব্যাহত থাকবে। এতে দীর্ঘদিন ধরে পাওনা না পাওয়া গ্রাহকদের ভোগান্তি কমার পাশাপাশি বীমা খাতে আস্থা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে।
All rights reserved © 2019
Leave a Reply