
।নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ার অভিযোগ করেছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা। চিকিৎসকের ভিজিট ফি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং অন্যান্য চিকিৎসা ব্যয় নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্যসেবা খাতে কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগীদের ভাষ্য,অনেক ক্লিনিকে চিকিৎসকের কাছে রোগী দেখানোর জন্য ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ভিজিট ফি দিতে হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা করাতে গিয়ে রোগীদের ব্যয় আরও বেড়ে যায়।
নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক রোগীর অভিযোগ, চিকিৎসা ব্যয়ের চাপ তাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে একাধিক পরীক্ষা,ওষুধ ও চিকিৎসকের ফি মিলিয়ে খরচ অনেক বেড়ে যায়।
তবে চিকিৎসাবিজ্ঞানের প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষার গুরুত্ব অস্বীকার করেননি ভুক্তভোগীরা। তাদের দাবি, রোগীর জন্য কোন পরীক্ষা কেন প্রয়োজন, সে বিষয়ে চিকিৎসকের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত। একই সঙ্গে কোনো অপ্রয়োজনীয় বা অযৌক্তিক পরীক্ষা দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন।
একাধিক রোগী অভিযোগ করেন, চিকিৎসকের ভিজিট ফি দেওয়ার পরও অনেক সময় বিভিন্ন পরীক্ষা ছাড়া প্রাথমিক চিকিৎসা বা রোগ সম্পর্কে বিস্তারিত পরামর্শ পাওয়া যায় না। এতে রোগীদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, প্রাইভেট ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রগুলোর সেবার মান, চিকিৎসকের ফি, রোগ নির্ণয়ের পরীক্ষা এবং পরীক্ষার খরচ নিয়মিত নজরদারির আওতায় আনতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
তাদের প্রত্যাশা, নারায়ণগঞ্জের প্রতিটি চিকিৎসাকেন্দ্রে রোগীবান্ধব, মানবিক ও স্বচ্ছ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত তদন্ত, নজরদারি এবং কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা।
All rights reserved © 2019
Leave a Reply