
ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে মোবারক হোসেন মোল্লা (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর এবং সঙ্গে থাকা নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন স্বজনেরা।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুতিয়াবো এলাকায় বকুলের বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি।
আহত মোবারক হোসেন মোল্লা রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং পেশায় একজন ব্যবসায়ী। তিনি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শফি উদ্দিন মোল্লার ছেলে। পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে তাঁর একটি বালুর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
অভিযোগে বলা হয়,দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ২২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলার সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর এবং সঙ্গে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আহতের বাবা শফি উদ্দিন মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে গুতিয়াবো এলাকার সবুজ মিয়া, কাইয়ুম মিয়া, ফাহিম মিয়া, হাসান জামিল, রহিম মিয়া, নাদিম মিয়া, মোরছালিন, আতিকুর রহমান, হৃদয় মিয়া ও ফারুক মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসইও কীওয়ার্ড: রূপগঞ্জে যুবদল নেতার ওপর হামলা, মোবারক হোসেন মোল্লা, রূপগঞ্জের ছিনতাই, নারায়ণগঞ্জের অপরাধ, রূপগঞ্জ থানা পুলিশ।
All rights reserved © 2019
Leave a Reply