
কক্সবাজার প্রতিনিধি:
দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং টেকসই বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) কক্সবাজারের লিংক রোডসংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাসের সুবিধা ও ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দ্রুত একটি বুকলেট তৈরি করে মাঠপর্যায়ে বিতরণ করা হবে। এর মাধ্যমে খামারিদের বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উৎসাহ দিতে দুইজন খামারিকে দেড় লাখ টাকা করে ঋণ সহায়তা দেওয়া হয়।
যুব উন্নয়ন কার্যক্রমের আধুনিকায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো আধুনিক খাতে প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ সহায়তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গৃহস্থালির চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। দেশের প্রান্তিক মানুষের কাছে যুব উন্নয়নের সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
প্রতিবেদন: মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চীফ।
প্রকাশক: Crime TV 24
All rights reserved © 2019
Leave a Reply