
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা দেখা যাচ্ছে।
মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে এডভোকেট হাসান পাটওয়ারী রিপন বলেন, সিলেট আমার প্রাণের শহর। এই শহরের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও দায়িত্ববোধ থেকেই প্রার্থী হওয়ার চিন্তা এসেছে। আমি বিশ্বাস করি, সিলেটকে একটি আধুনিক,পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে কার্যকর নেতৃত্ব প্রয়োজন। আশা করি,দল আমার ত্যাগ ও অভিজ্ঞতা বিবেচনায় রাখবে।
তিনি বলেন,নির্বাচিত হলে নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে নগরের জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামোর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে কাজ করার কথা জানান তিনি।
এডভোকেট হাসান পাটওয়ারী রিপন বলেন,বর্ষা মৌসুমে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নাগরিকদের ভোগান্তিতে ফেলে। অপরিকল্পিত নগরায়ণ ও জলাবদ্ধতার টেকসই সমাধানের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তরুণদের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তার মতে,তরুণদের অংশগ্রহণ ছাড়া নগরের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
পরিবেশ সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। নগরে সবুজায়ন বৃদ্ধি, খাল-নদী পুনরুদ্ধার,পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক,নিরাপদ,পরিচ্ছন্ন ও বিনিয়োগবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চান। নগরবাসীর সহযোগিতা পেলে সততা,দক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।
উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনকে যুগ্ম সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply