
উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর।
গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়কে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন তারা।
শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ অবস্থান নেয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন,মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে হানি ওয়েল গার্মেন্টস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
All rights reserved © 2019
Leave a Reply