
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিং,ডাকাতি ও মাদকের বিরুদ্ধে‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুর রহমান।
জেলা প্রশাসক বলেন,নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্কুল-কলেজ,শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার এলাকার আশপাশে নজরদারি বাড়ানো হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও ডাকাতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী বিশেষ টিম মোতায়েনের উদ্যোগও নেওয়া হবে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আইনশৃঙ্খলা,শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা, মাদক সমস্যা ও জনসেবা নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন,প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে। অপরাধের তথ্য প্রশাসনকে জানাতে জনগণের সহযোগিতাও প্রয়োজন।
সভায় সহকারী কমিশনার (ভূমি)মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2019
Leave a Reply