
পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ২০২৬ সালের মে মাসে টার্মিনালটিতে রেকর্ডসংখ্যক ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)-এর যৌথ ব্যবস্থাপনায় এ সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মে মাসে প্রতিদিন গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী,মে মাসে মোট হ্যান্ডলিং হওয়া কনটেইনারের মধ্যে আমদানিকৃত ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানিকৃত ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। রপ্তানি কনটেইনারের সংখ্যা বেশি হওয়ায় দেশের বৈদেশিক বাণিজ্যের ইতিবাচক প্রবৃদ্ধিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে এনসিটিতে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল। এবারের মে মাসের সাফল্য সেই রেকর্ডকে ছাড়িয়ে নতুন মাইলফলক স্থাপন করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,২০২৫ সালের ৭ জুলাই সিডিডিএল এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালের কার্যক্রমে গতি বৃদ্ধি পায়। আধুনিক ব্যবস্থাপনা, দক্ষ জনবল এবং সমন্বিত কার্যক্রমের ফলে জাহাজ থেকে পণ্য খালাস ও কনটেইনার ডেলিভারি প্রক্রিয়া আরও দ্রুততর হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
All rights reserved © 2019
Leave a Reply