
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আজিজুর রহমান (অপস)-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৩ মে ২০২৬ তারিখ ভোর ৪টা ২০ মিনিটে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকায় অভিযান চালায়।
অভিযানে এলান সাহেবের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া বাসা থেকে আব্দুল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মধ্যনগর বক্তাবলী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে দেওভোগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৪৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৪৫ গ্রাম। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল্লাহ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply