1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন হত্যা,মূলহোতা জাকিরসহ ৩ জন গ্রেপ্তার,উদ্ধার ৮৬ হাজার টাকা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মো.মোতালেব হোসেন (৬১) অপহরণের পর হত্যার ঘটনায় মূলহোতা জাকিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করা ৮৬ হাজার টাকা, হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা,তিনটি মোবাইল ফোন এবং নিহতের একটি টিফিন বক্স উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার সেলসারদী এলাকা থেকে মূলহোতা জাকিরকে এবং ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তার দুই সহযোগী ওমর ফারুক (২২) ও সোহেলকে (৪৯) গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় মো.মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় বসবাস করতেন এবং মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়। ফুটেজে দেখা যায়,ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে জাকির নিহত মোতালেব হোসেনকে কাঁধে হাত রেখে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। পরে ওই বাসায় অভিযান চালিয়ে নিহতের ব্যবহৃত টিফিন বক্স উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার দায় স্বীকার করে জানান, বিকাশ অ্যাকাউন্টের ৮৬ হাজার টাকা আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মোতালেব হোসেনকে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। টাকা ক্যাশ আউট করার পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ভোরের দিকে মরদেহ লেপ-তোশকে পেঁচিয়ে অটোরিকশাযোগে মাসদাইর এলাকায় ফেলে রাখা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নিহতের বিকাশ অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা ৮৬ হাজার টাকা, হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা, তিনটি মোবাইল ফোন এবং একটি টিফিন বক্স জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মেয়ে সুমনা আক্তার মিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিকাশ অ্যাকাউন্টের টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost