
কুমিল্লা, তিতাস প্রতিবেদক:
কুমিল্লার তিতাস উপজেলায় আলোচিত আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকালে মানিককান্দি গ্রাম থেকে মো. রাজিব (২০) নামের এক যুবককে স্থানীয়রা আটক করে তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
তিতাস থানার অফিসার ইনচার্জ মো.মমিরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডের সময় রাজিব ঘটনাস্থলের আশপাশে উপস্থিত ছিলেন। তবে তার সম্পৃক্ততার বিষয়ে এখনো তদন্ত শেষ হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়,নিহত লতিফ ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং মামলায় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সকল অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রসঙ্গত,গত সোমবার রাতে মানিককান্দি গ্রামের আব্দুল লতিফ ভূঁইয়াকে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
তিতাস থানা পুলিশ জানিয়েছে,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply