
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জের সদর উপজেলায় ২ হাজার ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মো. ইমরান মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মারিয়া ইউনিয়নের পেয়ারা ভাঙ্গা নাটবাড়ি মোড়ে কালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়াচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। সোমবার সকালে পাওনা টাকা চাইতে কালামের বাড়িতে যান ইমরান। তবে কালাম বাড়িতে না থাকায় তিনি ফিরে আসেন।
অভিযোগ অনুযায়ী,সকালে কালামের বাড়িতে যাওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় কালাম ফোন করে ইমরানকে তাঁর বাড়ির সামনে আসতে বলেন। ইমরান সেখানে পৌঁছালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কালাম ধারালো ছুরি দিয়ে ইমরানের বুকে ও পেটে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কালামের স্ত্রী ইমরানকে ধরে রেখেছিলেন বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
ছুরিকাঘাতে গুরুতর আহত ইমরানকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি তদন্তাধীন।
All rights reserved © 2019
Leave a Reply