
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ অক্টোবর ২০২৬) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক নাজমিন আক্তার শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন ফরিদপুরের সাংবাদিক সাজ্জাদ হোসেন, রাজধানী টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন। মামলাটি দায়ের করেছেন আয়েশা আক্তার নামে এক নারী, যিনি একজন সিআইডি পুলিশ কর্মকর্তার স্ত্রী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট আছিবুর রহমান আসিফ,অ্যাডভোকেট খায়ের উদ্দিন সিকদার, অ্যাডভোকেট নাজমা সুলতানা নীলা ও অ্যাডভোকেট মশিউর রহমান। এ সময় বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনটির দাবি, সাংবাদিক সাজ্জাদ হোসেন সংবাদ প্রকাশের জেরে প্রায় দেড় বছর আগে মাদক কারবারি ও অবৈধ বালু উত্তোলনকারীদের হামলার শিকার হন। এতে তাঁর হাত-পা ভেঙে যায়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার কারণে তাঁকে ঢাকায় অবস্থান করতে হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
বিএমএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মামলাটিতে যথাযথ তদন্ত ছাড়াই গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে সংগঠনটি অভিযুক্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার উদ্যোগ নেয়।
বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। মামলার প্রক্রিয়া ও তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি সাংবাদিকদের আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে সংগঠন দুটির নেতারা মামলাটির নিরপেক্ষ তদন্ত,সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ অন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।
All rights reserved © 2019
Leave a Reply