
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে শিমরাইল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন মো. রিপনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আসামি মো. সোহাগ (২৫) কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. সোহাগের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা পশ্চিমপাড়া এলাকায়। তিনি ভাসমানভাবে বিভিন্ন এলাকায় অবস্থান করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2019
Leave a Reply