1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাহেব আলী (৪০) নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলি করার পর ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকেলে ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীর ওপর হামলা চালায় স্থানীয় রনি গ্রুপের সদস্যরা। এ সময় তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে গেলে হামলাকারীরা তাঁকে ইট দিয়ে আঘাত করে।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসেছে বলে জানা গেছে। ওই ফুটেজে হামলার সময় রনিকে সাহেব আলীকে লক্ষ্য করে গুলি ছুড়তে এবং পরে ইট দিয়ে আঘাত করতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গুলিবিদ্ধ সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী,সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি,ছিনতাই, অস্ত্র ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় তৎকালীন র‍্যাব-১১-এর একটি দলের ওপর হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া চলতি বছরের আগস্টে ওয়াপদা কলোনি এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost