
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে পাগলা শিয়ালের আক্রমণে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শালঘর মহল্লার রফিকের বাড়ির পাশের পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলকে প্রথমে শিয়ালটি কামড় দেয়। পরে শিয়ালটি লোকালয়ে ঢুকে বিভিন্ন বাড়িতে গিয়ে একে একে কয়েকজনকে কামড়ে আহত করে।
আহতরা হলেন—শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪)।
এছাড়া গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সাব্বিরের মেয়ে সিনহা (৩), লাকি (৩০), বায়জিদ (৬), রেহেনা (৪২) ও সামসুর (২২) শিয়ালের আক্রমণে আহত হন।

পরে স্থানীয়রা বিকেল সাড়ে ৫টার দিকে একটি ঝোপের মধ্যে শিয়ালটিকে দেখতে পেয়ে ধরে ফেলেন। এরপর সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিনও দেওয়া হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply