1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে লোকালয়ে কুমির,আতঙ্কে এলাকাবাসী—পুকুরে না নামার সতর্কতা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় লোকালয়ের একটি পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুমিরটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় পুকুরে না নামাসহ কুমিরটির কাছাকাছি না যাওয়ার জন্য এলাকাবাসীকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্র ও প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী,কুমিরটি প্রথমে যে পুকুরে দেখা গিয়েছিল,সেখান থেকে স্থান পরিবর্তন করে পাশের আরেকটি পুকুরে চলে গেছে। পরে আগের অবস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি স্থানে কুমিরটির অবস্থানের তথ্য পাওয়া যায়।
কুমির উদ্ধারে ইতোমধ্যে বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন। ঘটনাস্থলে ভেটেরিনারি সার্জন, সংশ্লিষ্ট কর্মী ও পুলিশ সদস্যরাও উপস্থিত থেকে স্থানীয়দের সতর্ক করছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা থেকে আসা বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দল দিনভর অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে রাতে কুমিরটি আগের অবস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি স্থানে চলে গেছে বলে জানা যায়। সোমবার (২১ সেপ্টেম্বর) ফের কুমিরটি উদ্ধারে অভিযান চালানোর কথা রয়েছে।
বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য ও বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটিকে‘মহাবিপন্ন মিঠাপানির কুমির’হিসেবে উল্লেখ করেছেন।
তিনি কুমিরটিকে হত্যা বা আঘাত না করে অক্ষত অবস্থায় উদ্ধারে বন বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, রবিবার সারাদিন কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হলেও সেটিকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান,কুমিরটি মানুষের জন্য সরাসরি ক্ষতিকর নয় বলে ধারণা করা হলেও বন্যপ্রাণীর আচরণ অনিশ্চিত হওয়ায় নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি।
শিশু ও গবাদিপশু দূরে রাখার নির্দেশ
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কোনোভাবেই পুকুরে না নামতে এবং পুকুরপাড়ে না যেতে বলা হয়েছে।
এ ছাড়া কুমির দেখতে পেলে কাছে গিয়ে ছবি বা ভিডিও না করা, নিজ উদ্যোগে কুমির ধরতে বা তাড়াতে না যাওয়া এবং কোনোভাবেই কুমিরটিকে আঘাত না করার জন্য সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে শিশু ও গবাদিপশুকে পুকুরের আশপাশ থেকে দূরে রাখার পাশাপাশি কুমির দেখতে ঘটনাস্থলে ভিড় না করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
কুমিরটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল আবেদীন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
বন্যপ্রাণীটি নিরাপদে উদ্ধার না হওয়া পর্যন্ত স্থানীয়দের প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost