
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে পৈতৃক বাড়িতে ঘুমন্ত পিতাকে ধারালো ছুরি ও কুড়াল দিয়ে কুপিয়ে ও জখম করে হত্যার অভিযোগে ছেলে মোঃ শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত বাছেদ মিয়া (৬০) পেশায় কবিরাজি ওষুধ বিক্রেতা ছিলেন। গ্রেফতার শাকিল নিহতের বড় ছেলে। পুলিশ জানায়, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে তাকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার পূবাইল থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বাছেদ মিয়া তার বড় ছেলে শাকিলকে নিয়ে একই কক্ষে ঘুমাতে যান। পরদিন ৪ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে নিহতের ছোট ছেলে ও মামলার বাদী নূর নবী রাশেদ (২১) এবং তার মা ঘরের ভেতর থেকে আর্তনাদের শব্দ শুনতে পান।
তারা দ্রুত কক্ষে গিয়ে দেখতে পান,শাকিল কুড়ালের উল্টো পাশের লোহার অংশ দিয়ে তার মায়ের কপাল ও মাথায় আঘাত করছেন। বাধা দিতে গেলে ছোট ভাই নূর নবী রাশেদকেও আঘাত করে জখম করা হয়।
একপর্যায়ে ঘরের বাতি জ্বালালে পরিবারের সদস্যরা দেখতে পান, বাছেদ মিয়া খাটের ওপর গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তার পেটের দুই পাশ দিয়ে রক্তাক্ত নাড়িভুঁড়ি বের হয়ে ছিল। স্বজনরা বাধা দেওয়ার চেষ্টা করলে শাকিল তাদের ওপর হামলা করে দ্রুত পালিয়ে যান।
পরে প্রতিবেশীদের সহায়তায় বাছেদ মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়া এবং সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) উপস্থিত হয়ে ঘটনাটি সরেজমিনে পরিদর্শন ও তদন্ত তদারকি করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি নিহতের পেট থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে। এছাড়া হামলায় ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি আসামির বসতঘরের শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে নূর নবী রাশেদ বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুরের পূবাইল থানাধীন হায়দারাবাদ এলাকায় ইকবাল হোসেনের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে শাকিল চৌধুরীকে গ্রেফতার করা হয়। অভিযানে পূবাইল থানা পুলিশ সহযোগিতা করে।
পুলিশ আরও জানায়,গ্রেফতার শাকিল চৌধুরী এর আগে একটি হত্যা মামলায় ১০ বছর সাজা ভোগ করেছেন। প্রায় ছয় মাস আগে জামিনে মুক্তি পেয়ে তিনি পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল তার পিতাকে ছুরি দিয়ে পেটে একাধিক আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply