
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকারে করে পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,২ আগস্ট ২০২৬ রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-১২৩৮।
তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকার থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহাম্মদ মিয়ার ছেলে মো.আলমগীর এবং রায়পুরা উপজেলার রতনপুর এলাকার কাজল মিয়ার ছেলে সজিব মিয়া।
পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে আগে দুটি মাদক মামলা এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
উদ্ধার করা ১৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ অন্যান্য আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply